ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে জাবেরের অবস্থান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বসেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিসিটিভি ফুটেজ ও মুঠোফোন ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৭ জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে ১১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।