বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে ১১-দলীয় জোটের প্রার্থী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘৫ আগস্টের পরে যাঁরা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছেন, তাঁরাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছেন। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি। আমাদের এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশে ১১-দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য।’
জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জাতি রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই তা মেনে নেবে না।’
এ সময় সরকার এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালন করে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।