আজ উত্তরাঞ্চলের ৩ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর নির্বাচনী প্রচারে আজ উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে তিনি যাবেন ঠাকুরগাঁওয়ে। এরপর নীলফামারী ও দিনাজপুরে জনসভায় যোগ দেবেন।

ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর ঘিরে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ। কয়েক লাখ লোক সমাগমের আশা তাঁদের।

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে তারেক রহমানের জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তারেক রহমান রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারে যাবেন হেলিকপ্টারে।

এদিকে শুক্রবার দুর্নীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ৫১ দফা ইশতেহার দিয়েছে বিএনপি। যেখানে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা উন্নয়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি, কর্মসংস্থানসহ নয়টি বিষয়কে প্রাধান্য দেওয়া হেয়েছে।

ইশতেহার ঘোষণায় তারেক রহমান বলেন, গুম-খুন আর দেখতে চায় না বিএনপি, বিশ্বাস করে না প্রতিশোধের রাজনীতি। বলেন, গণতন্ত্র ও জাতি গঠনের ভিত্তি শক্ত করতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করবেন তাঁরা।

এ সময় আরও জানানো হয়, নারীদের কর্মঘণ্টা কমানোর পক্ষে নয় বিএনপি। এর চেয়ে কর্মস্থলে ডে-কেয়ার আর ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করতে চায় দলটি।