আমাকে একটাবার পরীক্ষা করুন: মুফতি ফয়জুল করীম

হাতপাখায় ভোট দিয়ে একবার সংসদে যাওয়ার সুযোগ করে দিতে বরিশাল–৫ (সদর) আসনের ভোটারদের অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। তিনি এ আসনে দলটির মনোনীত প্রার্থী।

রোববার বিকেলে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত সমাবেশে ভোটারদের উদ্দেশে ভাষণ দেন দলের সিনিয়র নায়েবে আমির।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘বিভিন্ন সময়ে নির্বাচন হলেও সাম্য ও মানবিক মর্যাদা আজও বাস্তবায়ন হয়নি। এজন্য ২০২৪ এর আগস্টে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য দূর করার জন্য।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে। এই মামলা দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে।’

এসময় ফয়জুল করীম বরিশালের মানুষকে করজোরে অনুরোধ করে বলেন, ‘ওদেরকে বারবার দেখেছেন নতুনভাবে আর দেখার কিছু নাই। এবার আমাকে সুযোগ দেন। একটাবার আমাকে পরীক্ষা করুন। যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসব না, ভোট নেওয়ার জন্য।’

এ সময় তিনি নির্বাচিত হলে মিথ্যা মামলা বন্ধ, জুলুম, অত্যাচার বন্ধ, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ও বরিশালে বিগত দিনে যে কাজগুলো হয়নি সেই কাজগুলো করার চেষ্টা করবেন বলে অঙ্গীকার করেন।

ফয়জুল করীম অভিযোগ করে বলেন, ‘হাজার হাজার দায়িত্বশীলরা পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাদের জীবনযাত্রার উন্নয়ন হয় নাই। আমাকে একটাবার পরীক্ষা করুন যদি নির্বাচিত হতে পারি এই বরিশালে চাঁদাবাজদের কবর রচনা করব।’

এদিকে, জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয় নেতাকর্মীরা। বিকেলের মধ্যে পুরো শহীদ মিনার এলাকা জনসমাবেশে রূপ নেয়। এসময় নেতাকর্মীরা দলের প্রতীক হাতপাখা হাতে নিয়ে মিছিল করে। 

সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।