পরাজয় মেনে বিএনপির প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মো. নাসিরউদ্দিন চৌধুরী। পরাজয় মেনে নিয়ে এরই মধ্যে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী শিশির মনির। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি। আর নাসিরউদ্দিন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য।