জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ৫ প্রশাসকের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক। দায়িত্ব নেওয়ার পর আজ রোববার দুপুরে রাজধানী জিয়া উদ্দানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন করেন–রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. মাহফুজুর রহমান, বরিশালের বিলকিস আক্তার জাহান, ময়মনসিংহের মো. রুকুনোজ্জামান রোকন, রংপুরের মাহফুজ উন নবী চৌধুরী ও কুমিল্লার মো. ইউসুফ মোল্লা। 

এ সময় তারা প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অংশ নেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ সময় নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাওয়ার মনোভাব প্রকাশ করেন ৫ প্রশাসক।

গতকাল শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে, যাদের সবাই বিএনপি নেতা। দায়িত্বপ্রাপ্ত সবাই মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি অন্য ৬টি সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, যার ফলে এখন চট্টগ্রাম বাদে দেশের ১১টি সিটি করপোরেশনে মেয়রের পরিবর্তে প্রশাসক দায়িত্ব পালন করছেন।