৫২ শতাংশ মানুষকে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না: সংসদে রুমিন

৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে ছিলেন নারীরা। একঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা এক বছর পার না হতেই হারিয়ে গেলেন কেন? অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না; আর সবকিছু যখন ঠিক হয়, নারী তখন হয়ে যায় ট্রলের বস্তু। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে যদি কেউ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, সেটি সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের গণ-অভ্যুত্থান বায়বীয় বা অলীক কোনো বিষয় ছিল না। এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, দেখব তারা নিজেদের স্বপ্নের কথা লিখে গেছে।’

রুমিন বলেন, ‘এ লড়াইটা কেবল একটি সরকার পরিবর্তনের লড়াই ছিল না। একটি নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ গঠন করার স্বপ্ন নিয়ে এই গণ-অভ্যুত্থান হয়েছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম—ধর্ম, বর্ণ বা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে কাউকে ‘অপর’ বা ‘আদার’ করে দেওয়া হবে না।’