সংরক্ষিত নারী আসন উঠিয়ে দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদরা ঠিক হলে দেশের চিত্র বদলে যাবে। এসময় গত জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আখ্যা দেন তিনি।
আজ সকালে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে সর্বদলীয় সংসদীয় ককাস। কমিটি গঠনের পর এটিই তাদের প্রথম বৈঠক।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ৫৫ বছরে অর্থনৈতিক উন্নয়ন হলেও রাজনৈতিক পরিবর্তন সেভাবে হয়নি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমরা তো নাগরিকরা চেষ্টা করব। বেসরকারি উদ্যোক্তারাও চেষ্টা করবেন। কিন্তু জনপ্রতিনিধিরা যদি এটার দায়িত্ব না নেন, যাদের ভোটে নির্বাচিত হয়েছেন; তারা যদি প্রত্যক্ষভাবে এ দায়িত্ব না নেন তাহলে জাতীয়ভাবে এই দায়িত্ব পালন আমাদের পক্ষে সম্ভব নয়।’
তার সঙ্গে দ্বিমত করেননি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রধানও। বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা যাবে না।
ককাস প্রধান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সবচেয়ে বড় অসুবিধা হলো জাতি সুবিধাবঞ্চিত সরকারি কর্মচারীদের ঘুষের জন্য। দুর্নীতি থাকার কারণে। রাষ্ট্রের টাকা নাই, গরীব রাষ্ট্র।’
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন। বলেন রাজনীতি সঠিক পথে চললে দেশও ঠিক থাকবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এবারের সংসদ সত্যিকারের নির্বাচিত একটা সংসদ। এমন সুষ্ঠু নির্বাচন আমি আগে দেখি নাই। এখন সংসদ নির্বাচন সুষ্ঠু না করে উপায় নাই। সুষ্ঠু না করলে দেশে আগুন লেগে যাবে। জনগণের শক্তির কারণে এরকম হয়েছে।’
নারীরা আর সুবিধাবঞ্চিত নয় বলেও উল্লেখ করেন স্পিকার। সংরক্ষিত আসন না রেখে, প্রতি দলের এক তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।


