বর্তমান বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত পক্ষের প্রার্থী ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই, নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক। আবার প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না। বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে।’
গণভোট প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘আপনারা গণভোট ও ফলাফল মানেন না, আমরা বলেছি জনগণ ৫ কোটি ভোট দিয়েছে “হ্যাঁ” এর পক্ষে। গণভোটের ব্যালটে কোনো নোট অব ডিসেন্ট ছিল না। ৫ কোটি মানুষ “হ্যাঁ” ভোট দিয়ে আপনাদের নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে।’
বিএনপির উদ্দেশে এই জামায়াত নেতা বলেন, ‘চার মাস চুপ ছিলেন কেন? ভোট হলো, ইঞ্জিনিয়ারিং হলো, ক্ষমতার চেয়ারে বসলেন। এখন গণভোট বাতিলের কাজ করছেন? এটা দ্বিচারিতা নয় কি? যদি “না” তে ভোট দেন জাতির সামনে বলুন তাইলে মেনে নেব।’