বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে জুলাই সনদের প্রত্যেকটি বাক্য ও অক্ষর পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি সংবাদকর্মীদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে নিয়ে বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলব। যার মধ্য দিয়ে আমাদের জুলাই যোদ্ধাদের জুলাই সনদের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি অক্ষর আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাস করেন। যা ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে। সরকার গঠনে দুই মাসের মধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহারগুলো পর্যায়ক্রমে পূরণ করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন অপকৌশলে আমাদের যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। সেটা নেশার মাধ্যমে, অনলাইন ক্যাসিনো জুয়ার মাধ্যমে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সকলের সহযোগিতা চাই।’
প্রতিমন্ত্রী আজাদ আরও বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মসূচির ভাগিদার সকলেই। আমরা কোনো দল. ধর্ম, বর্ণ ভেদাভেদ করে উন্নয়ন কর্মসূচি নিইনি। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন।’
এসময় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।