বার কাউন্সিলের নির্বাচন স্থগিত নিয়ে আখতারের প্রশ্ন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

আখতার বলেন, ‘এই জায়গায় একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। আসলেই কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে—সেটা মূল ইস্যু। এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন।’

এ সময় আইনমন্ত্রী জানান, অন্যান্য বার অ্যাসোসিয়েশনে নির্বাচনের কারণে কাউন্সিল এমন সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবীদের অনুরোধেই এমন সিদ্ধান্ত।

মো. আসাদুজ্জামান বলেন, ‘বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধটাই রক্ষা করেছে। যে অনুরোধ এসেছে, আমি মনে করি এটা তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি।’

এ ছাড়া টেবিলে লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪। এই বিপুল মামলার জট দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে।

পাশাপাশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সংসদে সিদ্ধান্ত প্রস্তাবে স্বাস্থ্যসেবা, কারিগরি শিক্ষা, নদীভাঙন নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্যরা। পরে সেসব বিষয়ে জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।