সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন: চূড়ান্ত বাছাই চলছে

সংসদের সংরক্ষিত নারী আসনে কাদের মনোনয়ন দেওয়া হবে, তা নির্ধারণে বিএনপির চূড়ান্ত বাছাই কার্যক্রম চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ সময় দলের মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।

শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান সাক্ষাৎকার কার্যক্রমে অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯০০টি মনোনয়ন ফরমের মধ্যে প্রথম দিনে সাংগঠনিক পাঁচ বিভাগের প্রায় ৪০০ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

বর্তমানে দ্বিতীয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

দলীয় সূত্র আরও জানায়, আসন্ন সংসদে সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেতে পারে ৩৬টি আসন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ১৩টি এবং স্বতন্ত্ররা পেতে পারে একটি আসন।

চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।