সরকারের আচরণে গণবিরোধী সরকারের বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করে উল্টো বিরোধী দলকে দমনের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ ও গণমিছিল করে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। নানা অনিয়মের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন জোটের নেতারা।
সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন—এ ওয়াদা জনগণকে দিয়েছিলেন। আজ সময় আসার পর ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন।’
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, বাংলাদেশের মানুষকে জিয়া পরিবার থেকে উদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হবেন। রাজপথে থাকবেন।’
বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন হবে। সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন নেতারা। এ সময় তাঁরা আরও বলেন, সরকার ‘মব’ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।