বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত হোসেন সপু বলেছেন, ‘টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলাই ছিল ইলিয়াস আলীর অপরাধ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ইলিয়াস আলীর গুমের ঘটনার একটা কূলকিনারা হওয়া উচিত। ইলিয়াস আলী কোথায় কীভাবে আছে তার সন্ধান চাই আমাদের সরকারের কাছে।’
আজ সোমবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের গুমের সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন মীর সরফত হোসেন সপু।
মীর সরফত হোসেন সপু আরও বলেন, ‘আমরা কোনো চাঁদাবাজি দখলবাজি করবো না- এই হোক আমাদের অঙ্গীকার। আমরা একটা সুসময়ের দিকে এগুচ্ছি। আরও সুসময়ের দিকে এগুবো। তবে এটা শুধু আমাদের হলে হবে না, দেশের মানুষের জন্যও তা করতে হবে। তবেই তা হবে প্রকৃত সুসময়।’
একই আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে হবে। তিনিসহ যাদের গুম করা হয়েছে তাদের কীভাবে গুম করা হয়েছে তা প্রকাশ করুন। যাদের গুম করা হয়েছে তাদের হদিস বের করুন। দায়ীদের শাস্তি নিশ্চিত করুন।’