সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার সকালে মনোনয়ন যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানায় ইসি।

হাইকোর্টের আদেশে গত ২৯ এপ্রিল নুসরাতের আবেদন গ্রহণ করে ইসি। আজ বেলা ১১টায় কাগজপত্র যাচাই–বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান। 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ২২ ও ২৩ এপ্রিল।

রিট আবেদনকারী পক্ষ জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। এর বৈধতা নিয়ে রিট করেন নুসরাত। এরপর নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।