যে এলাকায় মন্ত্রী নাই সে এলাকায় কি উন্নয়ন হবে না: গোলাম পরওয়ার

শুধু সরকারি দলের শীর্ষ নেতাদের এলাকার উন্নয়ন না করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত বিআরইএল– এর ২৪তম কাউন্সিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি উন্নয়ন হবে না?’ 

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো বৈষম্য মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ার দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল। আপনারা সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু আবারও সেই বৈষম্যের সমাজ গড়ে তুলছেন।’

এ সময় গোলাম পরওয়ার আগামী সংসদের বাজেট অধিবেশনে রেল খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার আহ্বান জানান। বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন তিনি।