আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে সরকার: হামিদুর রহমান আযাদ

সংবিধান সংস্কার না করে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তবে এ অভিযোগ খণ্ডন করে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আশা প্রকাশ করেছেন, সংসদের তৃতীয় অধীবেশনেই সংবিধান সংস্কার নিয়ে সব বিরোধের নিষ্পত্তি হবে। বিরোধী দলকে রাজপথে না নেমে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার পরামর্শ তাঁর। 

উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার দিন থেকেই জুলাই সনদবিষয়ক গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে সরকার ও বিরোধী দল। সংসদের প্রথম অধিবেশনে এ নিয়ে নানা তর্ক-বিতর্ক হলেও, হয়নি সমঝোতা। 

১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের অভিযোগ, সংবিধান সংস্কারকে অগ্রাহ্য করে আওয়ামী পুনর্বাসনের পথ তৈরি করছে সরকার। শুধুমাত্র গণভোটের রায় বাস্তবায়িত হলেই সরকার ও বিরোধী দলের তিক্ততা দূর হবে বলে মনে করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, 'এখন যে দূরত্ব বা অস্থিতিশীল অবস্থার কথা বলা হচ্ছে সেটার জন্য আওয়ামী লীগ বেনিফিটেড হবে কিনা, এ প্রশ্নটা আমার মনে হয় বিএনপি-কে করলে বেশি ভালো হয়। কারণ আমরা আওয়ামী লীগকে বেনিফিটেড করার জন্য করছি না, আমরা জনগণের রায়টা প্রতিষ্ঠা করার জন্য করছি। বরং বিএনপি এযাবতকালে যা ঘটিয়েছে, সবকিছু আওয়ামী লীগের পুনর্বাসনের কাজে করেছে।'

তবে সংসদের চিফ হুইপ ও বিএনপি নেতা নুরুল ইসলাম মনি জানিয়েছে, সরকারি দল তাদের মতো করে সনদ বাস্তবায়ন করবে এবং এটি জুলাই সনদেই উল্লেখ করা আছে। পাশাপাশি সংসদের তৃতীয় অধিবেশনে জুলাই সনদের বাস্তবায়নসহ সংবিধান সংক্রান্ত অন্যান্য বিরোধেরও নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা তার।  

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, 'জুলাই সনদে লেখা হয়েছে, যে দল বা যারা এখানে সরকারে বসবে বা ক্ষমতাপ্রাপ্ত হবে বা দায়িত্বপ্রাপ্ত হবে, তারা তাদের মতো করে এটা বাস্তবায়ন করবে। এটা লেখা আছে ওর মধ্যে। এটা জুলাই সনদের অংশ।'

তিনি আরও বলেন, 'সংসদের তৃতীয় অধিবেশনে গিয়ে দেখবেন যে, আমরা অনেকখানি কাছে এসেছি, কাছে এসেছে দেশের স্বার্থে।'  

তবে জামায়াত ও এনসিপি নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করছে। তাই ধাপে ধাপে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।