হাদিয়াবাজি–ইয়ানতের নামে চাঁদাবাজি করছে জামায়াত: রিজভী 

হাদিয়াবাজি ও ইয়ানতের (স্বেচ্ছায় দান) নামে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত ‘আগ্রসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের রাজনীতি করে, গুপ্ত–চাঁদাবাজির আশ্রয় নিয়েছে। হাদিয়াবাজি, ইয়ানতের নামে চাঁদাবাজি করছে জামায়াত।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। জামায়াত ফেরেস্তা হলেন কী করে! জামায়ত ভেবেছিল এবার ক্ষমতায় চলে আসবে; তাই তারা এ কাজ শুরু করে।

রুহুল কবির রিজভী বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু, তবে জামায়াতের রাজনীতি চায় না। ধর্মের নাম ব্যবহার করে, জান্নাতের টিকেট বিক্রির ভাওতাবাজি করে জামায়াত।

বিএনপির এই নেতা আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে আমাদের মৃত্তিকা থেকে উৎসারিত সংস্কৃতি যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন সেটা রুখে দেবে।