স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গজিয়ে উঠছে: গোলাম পরওয়ার

রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গজিয়ে উঠছে বলে মনে করছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার নিয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গজিয়ে উঠছে। তথ্য ও সম্প্রাচার খাতের সংস্কার খুবই জরুরি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন দলীয় স্বার্থে জনগণকে ফাঁকি দিচ্ছে সরকার। শুধু জুলাই সনদ নয়, সরকারকে গণভোটের রায়ও মানতে হবে।

এ সময় সোশ্যাল মিডিয়ার নীতিবহির্ভূত বিভিন্ন কনটেন্টের সমালোচনা করেন গোলাম পরওয়ার। সোশ্যাল মিডিয়াতে তথ্য সরবরাহের ক্ষেত্রে মূল ধারার গণমাধ্যমের মতো নীতিমালা প্রণয়ণ জরুরি বলে জানান তিনি।

এর আগে অন্যান্য বক্তারা বর্তমান সরকারের গণমাধ্যম কৌশল নিয়ে নানা সমালোচনা করেন। তারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে গড়া ওঠা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু বর্তমান সরকার সংস্কার ফোবিয়ায় ভুগছে। দলীয় লোক বসিয়ে গণমাধ্যমকে কোণঠাসা করা হচ্ছে।