আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর দীর্ঘ প্রতীক্ষার পর আবারও রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন। জনগণকে সঙ্গে নিয়ে আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চায় দলটি, জানালেন জ্যেষ্ঠ নেতারা।
এক সেপ্টেম্বর, ১৯৭৮। সময়টা রাজনৈতিক অনিশ্চয়তার। নিজের গড়া জাগদলের বিলুুপ্তি ঘটিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজধানীর রমনা রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। সেই বাস্তবতায় জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শনের ভিত্তি করে এগিয়ে যায় নতুন দল।
অল্প সময়েই রাজনীতির মাঠে শক্ত অবস্থান আর উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে।
কিন্তু ইতিহাসের নির্মম বাঁক তৈরি হয় ১৯৮১ সালে। ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপিতে দেখা দেয়া শূন্যতা পেরিয়ে রাজনীতিতে সামনে আসেন বেগম খালেদা জিয়া। আশির দশকে রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলন আর নব্বইয়ে গণ-অভ্যুত্থানের উত্তাল ঢেউ। বেগম জিয়ার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি।
২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। টানা দেড় দশক আওয়ামী লীগের দমনপীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি। মিথ্যা মামলায় দুই বছর কারাগারে থেকেছেন বেগম খালেদা জিয়া। নির্বাহী আদেশে মুক্তি পেলেও অসুস্থতা ও আইনি মারপ্যাঁচের কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় থাাকেন বিএনপি প্রধান।
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা নিয়ে নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় বিএনপি। ফ্যাসিজম থেকে আবারও ফিরে আসে সংসদীয় গণতন্ত্রের নতুন অধ্যায়। দেশের প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিএনপির দায়িত্ব এখন অনেক বেড়েছে। বিএনপির মূল প্রতিশ্রুতি গণতন্ত্র প্রতিষ্ঠা আর আত্মনির্ভরশীল দেশ গঠন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন গণতন্ত্রের পথে নতুন যাত্রা। বিএনপির মূল প্রতিশ্রুতি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাক স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা।’
গত ১৭ বছরে ধ্বংস হয়ে যাওয়া দেশকে পুনর্গঠন করাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘১৭ বছর কিন্তু যত যাই বলুক, সরকারের যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, স্থান আছে, সেগুলো কিন্তু তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে দিয়েছে ব্যক্তিগত স্বার্থে। এইটাকে দ্রুত রক্ষা করা, রিপেয়ার করা, সংস্কার করা এগুলো হলো আমাদের চ্যালেঞ্জ।’
আদর্শ রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতার আহ্বানও জানান নেতারা।



