উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহফুজ দাবি করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডে কিছু ফার-রাইট উপাদানকে ‘মার্সেনারি’ বা ব্যবহারিক শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মাহফুজ লিখেছেন, খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!
মাহফুজ আরও লিখেছেন, গত দুই বছর কিভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার- মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আস্কারায়-‘শরিকানা’য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামি’- ‘ঐতিহ্যবাদী’- ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো- সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।
সবশেষে তিনি লেখেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলি সবার জন্য ‘রিকোনিং’ এর।