জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘একটি হুশিয়ারি দিতে চাই, একটা আল্টিমেটাম দিতে চাই—জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসনের কেউ যদি বিন্দুমাত্র স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, এই বাংলাদেশে আর কোনো দিন সেটা সম্ভব হবে না। এবার যে ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবে বিগত তিনবার যারা ভোট চুরি করেছিল তাদের যে অবস্থা হয়েছিল এবার তার চেয়েও বেশি খারাপ অবস্থা হবে।’
এনসিপির কেন্দ্রীয় কমর্সূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় পদযাত্রা শেষে মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং এক বছরের মধ্যে শেষ হবে। আমার এ জন্য বিএনপি সরকারকে এজন্য ধন্যবাদ জানাই।’
সীমান্ত ইস্যুতে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আবারও সীমান্ত দিয়ে আমরা একজনকেও পুশইন দেখতে চাই না। সীমান্তে কোনো হত্যাও আমরা দেখতে চাই না।’
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকারসহ স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।