বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
গতকাল মঙ্গলবার রাতে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা এনসিপি আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় সারজিস আলম বলেন, ‘দেশের প্রত্যেকটি থানায় যান দেখবেন বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকে। উপজেলা কিংবা জেলার প্রত্যেকটা অফিসে যান কোনো একজন অফিসারকে ওই অফিসে পান কিনা পান অফিসের ভেতরে কিংবা বাইরে বিএনপির কাউকে না কাউকে অবশ্যই পাবেন।’
বিএনপি নেতা-কর্মীদের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা যদি অফিসগুলো এভাবে দখল করবেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলেন–তারা অফিস ছেড়ে দিক, কালকে থেকে আপনারা অফিস চালানো শুরু করেন। এইভাবে থানা দখলের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না।’