জুলাইকে যারা নিজেদের অর্জন বলে, আগে তারা কোথায় ছিলেন: পানিসম্পদ মন্ত্রী

যারা জুলাই আন্দোলনকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা পাঁচ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিরোধ, ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এখন ক্ষমতায় আছে। আজকে যারা জুলাইকে নিজের অর্জন বলে প্রচার করতে চায়, তারা পাঁচ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন?

তিনি বলেন, জুলাই আন্দোলন মেধাবী শিক্ষার্থীদের অধিকারের সংগ্রাম ছিল। এটি কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন না। তাই এই আন্দোলনে কোনো পক্ষে নেওয়া বা দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই।

বিরোধীদলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধীদলের অবস্থান বাংলাদেশের ইতিহাসে খুব একটা প্রশংসনীয় কখনোই ছিল না। বিরোধীদলের আচরণের জন্য তাদেরকে সতর্ক হতে হবে।