সারোয়ার আলমগীরের এমপি পদ স্থগিত চেয়ে করা আবেদন বাতিল

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম চালাতে আপাতত কোনো বাধা নেই। 

এর আগে, গত ৯ জুলাই সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছিলো হাইকোর্ট। এর প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

তবে চট্টগ্রাম-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নুরুল আমীন হাইকোর্টের লিখিত রায় প্রকাশের আগেই শপথ পড়ানোয় এর কার্যকারিতা স্থগিত চান এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান। 

তবে মঙ্গলবার সারোয়ার আলমগীরের পক্ষে হাইকোর্টের রায় প্রকাশ পাওয়ায় আপিল বিভাগ আজ আদেশ না দিয়ে রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেন।