হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ৯ নেতার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন হবিগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ করেন। তিনি ওই ৯ নেতার নামে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ এনেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে।
লিখিত অভিযোগে বাদী দাবি করেন, গত ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন।
এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন।
অভিযোগে বলা হয়, এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।