এই সরকারের অল্প সময়েই জনগণ অতিষ্ঠ: জামায়াত আমির

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, সরকার যে চালাবে, জনগণ তা বিবেচনায় নেবে। সরকার পাঁচ বছর, বিরোধী দলেরও পাঁচ বছর। পাঁচ বছর পরে জনগণ তার বিচার করবে। তাদের বিচারের সেই রায় দেবে। আমরা রায়ে বিশ্বাসী।

তিনি বলেন, বর্তমান সরকার কেমন করছে; তারা ব্যর্থ না স্বার্থক, তা জনগণ এখনই বলছে, আমরা বলব না, এই অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা চাইতো, তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে বিশ্বাস করি।

শফিকুর রহমান বলেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাবো। এটা সরকার ভাল বলতে পারবে।

সাংবাদিকদের তিনি বলেন, এই প্রশ্নটা সরকারের কোনো মন্ত্রী (বাগেরহাট) আসলে তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি, সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে তার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমাণ আছে, সেগুলো তাকে ফেইস (মুখোমুখি) করতে দেওয়া উচিত। তবে আমরা একথা সব সময় বলে থাকি, বিচার হবে নায্যতার ভিত্তিতে, অনায্য কোন বিচার চাই না।

সাংবাদিকদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা। আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভটা যদি কার্যকর থাকে, তাহলে ফাংসনিং থাকে আমরা আশা করব রাষ্ট্রযন্ত্রের সবগুলো বিষয় ফাংসনিং থাকবে, এই জায়গাটা যদি দুর্বল থাকে তাহলে রাষ্ট্রযন্ত্রের কাছে ভালো কিছু আশা করবেন না, এটা হবে না। কারণসসরকার ভুল করে না শুদ্ধ করে তা কে বলবে, বলবেন তো আপনারা? সেই জায়গাটা যখন অক্ষুন্ন থাকবে, দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে।

এসময় বাগেরহাট জেলা জামায়াতের আমির মওলানা রেজাউল করিম, জামায়াত ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমসহ নেতারা উপস্থিত ছিলেন।