বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করছে: রিজভী

বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘একাত্তরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে, অবিচ্ছিন্নভাবে জড়িত– শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘কাকে খুশি করতে চাচ্ছেন? পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের। এ প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে।’

এ সময় আরাফাত রহমানের জীবন ইতিহাস ও ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আরাফাত রহমান কোকোর পৃথিবী থেকে চলে যাওয়া ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ।’