যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম ইচ তামিম জানান, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিচার শেষের কোনো সম্পর্ক নেই। কাল ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে। এরপরই রায়ের অপেক্ষায় থাকবে মামলাটি।
গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় সাতজনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামিরা হলেন– ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, ফজলে শামস পরশ, মাইনুল হাসান নিখিল, সাদ্দাম হোসেন ও ইনান। সোমবার এই মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন করবে আসামি পক্ষ। এর মধ্য দিয়ে শেষ হবে বিচার প্রক্রিয়া।
এদিকে রোববার শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তারা হলেন– সাবেক মন্ত্রী দীপু মনি, লতিফ সিদ্দিকী, সাবেক আইজপি শহীদুল হক, শাহরিয়ার কবির ও দুই সাংবাদিক। আসামি হলেও হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এই মামলায় এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর হবে শুনানি।
প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে রায় হতে পারে শিগগিরই।