গণতান্ত্রিকভাবে প্রটেস্ট করলেও সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স। আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। গণতন্ত্র কিন্তু সঙ্কুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সঙ্কুচিত হয়ে আসছে। ফলে সেই সঙ্কোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়।’ 

বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রটেস্ট করতেছি, যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, সরকারের পক্ষ থেকে তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকারের প্রথমে সর্বোচ্চ জায়গা থেকে এটা বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষ ভূমিকা চাই।’ 

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ জুলাইয়ের রাজপথে থাকা সাংবাদিকবৃন্দ আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।