রাজনীতি শুধু মতপার্থক্য নয়, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সংসদে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে আবেগআপ্লুত কণ্ঠে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

এ সময় মির্জা আব্বাস বলেন, রাজনীতি শুধু মতপার্থক্যের বিষয় নয়, বরং তা মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ২০০৬ সালের পর আবার সংসদে ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথাও প্রকাশ করেন তিনি। 

এর আগে দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মির্জা আব্বাসকে স্বাগত জানান। 

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ দিন বিদেশে চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।