জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা আ. লীগের বয়ান: শফিকুল আলম

জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা হলো আওয়ামী লীগের বয়ান। এমন মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরামের আয়োজনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে, সরকারের ৬ মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন না করায় ক্ষোভ জানান আইনজীবী তাজুল ইসলাম। 

উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে গণভোটের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম। 

বক্তারা মন্তব্য করেন, গণভোটের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংস্কারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি বর্তমান সরকার। আর সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের বয়ানে গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে। 

রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, ‘কোনো রাজনৈতিক প্রশ্ন বারবার বিচার বিভাগ দ্বারা সেটল করা ঠিক নয়। তাহলে বিচার বিভাগ পলিটিসাইজড হয়।’

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জুলাই প্রসেসকে অনেকে কনট্রোভারসাল করতে চাচ্ছেন, ইন্টারিম সরকারকে কাঠগোঁড়ায় দাঁড় করিয়ে। সত্যিকার অর্থে পুরো বয়ানটা তারা দিচ্ছেন আওয়ামী লীগের বয়ান, তারা জুলাইকে কাঠগোরায় দাড় করাতে চান। ’ 

সাবেক চিফ প্রসিকিউটর মন্তব্য করেন, ছয় মাস অতিবাহিত হলেও জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি সরকার। দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 

তাজুল ইসলাম বলেন, ‘একজন ব্যক্তির ইগোর জন্য গোটা জাতি বিপদের সম্মুখীন হয়েছে। যে সংবিধানের দোহায় দিয়ে সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই ছয় মাসে একটা অক্ষর বাস্তবায়নটুকু হলো না। দুদোকের নিয়োগ হলো, মানবাধিকার কমিশনের আইনটাই বাতিল করে দিলেন। জাতি আপনাকে নায়কের আসনে দেখতে চায়, আপনি ভিলেনে পরিণত হলেন।’  

রাষ্ট্রীয় বৈষম্য দূর করতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে জানান আলোচকরা।