পাহাড় সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য ক্ষমতাসীন সরকার বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অবসরপ্রাপ্ত মেজর ও জামায়াত নেতা আখতারুজ্জামানের কারাগার থেকে মুক্তির পর তাকে সংবর্ধনার সময় এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, বিরোধীদলের চরিত্র হননের চেষ্টা বাদ দিয়ে সরকারকে নিজেদের ব্যর্থতা সমাধান করতে হবে। পাহাড় সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে তারা।
তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে লজ্জার ইতিহাস সৃষ্টি করেছে সরকার। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিরোধীদলের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো বাধাই বিরোধীদলকে এ লড়াই থেকে পিছিয়ে দিতে পারবে না।
এ সময় আখতারুজ্জামান বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিমানবন্দরে প্রবাসীদের পক্ষে কথা বলার কারণেই সরকার তাকে গ্রেপ্তার করেছে।


