দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রুহুল কবির রিজভী

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন ছিলেন, যিনি সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তাঁর কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।’

তিনি আরও বলেন, ‘সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তাঁর বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।’

ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।’

তিনি বলেন, এই দেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে বলে সবাই আশা করে।