দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি এ কাজে যুক্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ সোমবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন অপপ্রচার চলছে। জামায়াত নেতাকর্মীকে সবাই গুপ্ত বলে। কারণ তারা ছাত্রদলের সঙ্গে মিশে ছিল, তারা ছাত্রলীগের সঙ্গে মিশে ছিল। এ কারণে সবাই তাদের গুপ্ত বলে।’
বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে উল্লেখ করে রুহুল কবীর রিজভী বলেন, ‘একটা নীতি এবং আদর্শের জন্য বিএনপি লড়াই করেছে ১৭ বছর। অনেক রক্ত ঝরিয়ে, অনেক জীবন উৎসর্গ করে সেই লড়াইয়ে বিজয় নিশ্চিত করেছে। সুতরাং সরকারের সমালোচনা করে যারা অপপ্রচার করছে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’
এর আগে, আজ সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। দিনব্যাপী সফর শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।


