ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী

ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, ‘নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণে বিশ্বাস করতেন জিয়াউর রহমান। দেশের অগ্রগতির জন্য নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হয় না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরুষ। বাঁধনের ওপর হামলা একটি ঘৃণ্য অপরাধ।’ এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে।

রহুল কবির রিজভী বলেন, ফ্যামিলি কার্ডে নারীর অধিকার রয়েছে। এতে পরিবারের গুরু দায়িত্ব নারীর হাতেই পরেছে। বেগম খালেদা জিয়ার সময় ইন্টার পর্যন্ত ফ্রি করা হয়েছে শিক্ষা। এখন তা স্নাতক পর্যন্ত করার চিন্তা করছে সরকার।

বাজারে দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। তবে, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়। জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। তবে ক্রমান্বয়ে দেশের গ্যাস সংকটের পরিস্থিতির উন্নতি হবে।’

তিনি বলেন, ‘জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। এ কারণেই সংকট মোকাবিলায় সরকার হাজার হাজার ঘনফুট গ্যাস আমদানি করছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। এ সময়ে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গোটা জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে কাজ করছেন তারেক রহমান। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।’