বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন জ্বালিয়ে দিচ্ছে। তার প্রমাণ এসব খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো।’
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে নির্বাচনকালীন সময়ে সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির পাঁচ পরিবারের মধ্যে নতুন ঘর ও ছাগল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ইসলামের আসল উদ্দেশ্য মানবতার সেবা করা, অসহায় ও দুঃখী মানুষের সেবা করা। তারা তো সে আদর্শ নিয়ে নেই, তারা আছেন রাজনৈতিক উদ্দেশ্য ফায়দা লুটার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারা বারবার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ন্যায় ও অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সকল মুনাফিকির বিরুদ্ধে।’
বক্তব্য শেষে রুহুল কবির রিজভী ‘‘আমরা বিএনপির পরিবারের’’ পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে ২৬–এর নির্বাচনে বিভিন্ন সময়ে সহিংসতা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির পাঁচ পরিবারকে নতুন ঘর ও ছাগল উপহার দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। উপস্থিত ছিলেন– কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার এমডি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুসহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি নেতারা।