ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের নিন্দা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

সোমবার এক বিবৃতিতে জিন্নাহর ছবি না সরালে ১৯৪৮ সালের মত আবারও প্রগতিশীল ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হঁশিয়ার করেছে সরসকার সমর্থক এই ছাত্র সংগঠন।

বিবৃতিতে বলা হয়, ছাত্র শিবির নিয়ন্ত্রিত ডাকসুর পরিষদ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিয়ে একাত্তরের পরাজিত শক্তির প্রতি তাদের প্রচ্ছন্ন অনুরাগ ও পাকিস্তান প্রেম প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেস কোর্স ময়াদে মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার ঘোষণায় বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়। এর মধ্য দিয়ে গড়ে ওঠা রক্তক্ষয়ী ভাষা আন্দোলন রূপ নেয় মহান মুক্তিযুদ্ধে।

সেই বিশ্ববিদ্যালয়ের ছাদ্র সংসদের সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননা বলেও উল্লেখ করে ছাত্রদল।