শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তাকারীরা প্রকৃত শিল্পী নয়: রিজভী

যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’ আয়োজিত ইথুন বাবুর ‘একজন নেতার কথা বলছি’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু স্বৈরাচার বিদায়ের বেলায় নয় যুগে যুগে গান অন্যায়ের প্রতিবাদ করার অনুপ্রেরণা যুগিয়েছে মানুষকে। একটি দলকে এগিয়ে যেতে হলে প্রয়োজন সাংস্কৃতিক গোষ্ঠী। কারণ সংস্কৃতির কর্মীদের মাধ্যমেই অবিচার-অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠে সকল কর্মীরা।’

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটেও জাসাসের সংস্কৃতিকর্মীদের গান মানুষকে আন্দোলিত করেছে। তবে, যাদের মধ্যে সাম্য ও মানবিকতা নেই তারা কখনোই প্রকৃত শিল্পী নয়। যারা শিল্পের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে, তারা মানুষের জন্য শিল্পী হয়ে উঠতে পারেনি।’