মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে না পারলেও উন্নয়নের গ্যারান্টি দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস হলে ক্ষমতায় এসেছে, সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।
তিনি বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবার পথ খুঁজে পেয়েছে। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশ যখন বিপদে পড়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে।
শাহে আলম বলেন, সেসময় কৃষি থেকে দেশের সকল ধরনের অর্থনৈতিক ও নারী শিক্ষার উন্নয়ন হয়েছে। নব্বাইয়ে পরবর্তী সময়ে পুনরায় পথ হারালে, জিয়া পরিবারে হাতে ধরে দেশ উন্নয়নের পথ ফিরে পেয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বার বার সেই উন্নয়নগুলো ধ্বংস করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো কলঙ্ক গায়ে নেবে না। স্বচ্ছ নির্বাচন করতে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করা হবে। বিগত ২০ বছর দেশে মেগা প্রকল্পের নামে লুটপাট করা হয়েছে।
তিনি বলেন, গাইবান্ধাসহ সারা দেশে মানুষকে বাসযোগ্য করতে সকল ধরনের উন্নয়ন করা হবে। বগুড়া উন্নয়ন হলে অন্যান্য জেলার চেয়ে বেশি সুবিধা পাবে গাইবান্ধা।