মানিক পশারীর দাফনে বাধা, জামায়াত নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচারের কথা বললেও জামায়াতে ইসলামী অন্যদের ক্ষেত্রে সেটা করতে নারাজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। বিরোধী দলে থাকতেই নিজের বসতভিটায় মুক্তিযোদ্ধাকে দাফন করতে যারা বাধা দিচ্ছেন, তারা রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন, সে প্রশ্ন রাখেন তিনি।

পিরোজপুরের মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা দেওয়ার বিষয় নিয়ে ফেসবুক পোস্টে আজ সোমবার এসব কথা লেখেন জারা।

এনসিপির সাবেক নেত্রী লেখেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। পিরোজপুরের মাটিতে দাফনও করতে দেয়া হবে না বলে হুমকি দেন তিনি। অথচ, দাফনের পর সেই একই নেতা বলেছেন-জামায়াত লাশের রাজনীতি করে না।

শনিবার গভীর রাতে পুলিশি পাহারায় মানিক পশারীর দাফনের সময় প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের কেউ উপস্থিত ছিলেন না বলেও ফেসবুকে লেখেন তাসনিম জারা।