জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চে গোপালগঞ্জ জেলাকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী জেলাটিতে কোনো পথসভা করছে না!
ফেসবুকে মো. রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা থেকে লং মার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এই বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। রাজনৈতিকভাবে কতোটা অপরিপক্ক হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে!’
জামায়াতকে খোঁচা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।
ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লং মার্চ টু গোপালগঞ্জ করা যেতো না?’
এ প্রসঙ্গে রাশেদ খাঁন আরও বলেন, ‘না! জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা বিরোধীদল হবে, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উস্কানি হয়ে যাবে– এজন্য লংমার্চ সফলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন!’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ বলেন, ‘কিন্তু জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিল! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাতো, সেক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করতো যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল!’