আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পতিত স্বৈরাচার এবং নতুন স্বৈরাচার দুটিকেই আমরা প্রতিহত করব। শোনা যাচ্ছে পতিত স্বৈরাচার আগামী ডিসেম্বরে দেশে আসবে, যদি আসে এই সরকার তাদের জীবনেও মোকাবিলা করতে পারবে না। তবে আমরা তাদের প্রতিহত করব। এর জন্য আমাদের তরুণদের এক হতে হবে।
তিনি বলেন, বিগত ১ সপ্তাহ আমরা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়েছি। সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী সবার সাথে কথা বলেছি। মানুষের জানমালের নিরাপত্তা নাই। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। সবচেয়ে বেশি এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। মানুষের নিরাপত্তা না দিয়ে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছে। আমরা তার পদত্যাগের দাবিতে আজ এখানে জড়ো হয়েছি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরে থাক তারা নিজেদের দলের ৩১ দফা প্রতিশ্রুতিই বাস্তবায়ন করছে না। ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা কররতে পারবেন না তারেক রহমান। এবার আমরা গঙ্গা চুক্তিতে এক বিন্দুও ছাড় দেব না ইনশাআল্লাহ।


