শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এসে সাজা ভোগ করবেন: শামা ওবায়েদ

বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক শেখ হাসিনার চেয়ে বৃহত্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

শেখ হাসিনা কীভাবে আসবেন আইন মন্ত্রণালয় তা খতিয়ে দেখছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘আমরা মনে করি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনিও এখানে আসবেন। এসে সাজা ভোগ করবেন।’  

এ সময় শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী  তিনি নতুন পাসপোর্ট পাওয়ার যোগ্য নন।’ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থমকে থাকবে না।’ 

এছাড়া শেখ হাসিনার ফেরত আসা ইস্যুতে বিবিসি বাংলার প্রতিবেদন ভিত্তিহীন বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সুযোগ দিল্লির নেওয়া উচিত। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে উনি সাজাপ্রাপ্ত। ফাঁসির আসিমি হিসেবে তিনি বিদেশে আছেন। এই অবস্থায় তিনি কীভাবে আসবেন আইন মন্ত্রণালয় এটা খতিয়ে দেখছে। আমরা মনে করি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনিও এখানে আসবেন। এসে সাজা ভোগ করবেন।’