পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘পলাতক আওয়ামী লীগ যারা ভিন্ন একটি দেশের অনুগত থেকে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অস্থিতিশীল মানসিকতার সঙ্গে জনগণের কোনো সম্মতি নেই।’
সশস্ত্রবাহিনী দিবসের গুরুত্বের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে সেনাবাহিনীকে শৃংখলায় ফিরিয়েছে। দেশের সেনাবীহিনীকে যখন রক্ষীবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হতো সে পরিস্থিতি থেকে এ বাহিনীকে তিনি পেশাদার বাহিনীতে পরিণত করেন।’
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আজ সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হন। পরে নয়াপল্টনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রসক্লাবে গিয়ে শেষ হয়।