সরকার ঐক্যের জন্য ডাকলে বিরোধী দল বসবে, তবে সেই আলোচনা জনগণের দাবি নিয়ে হতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার মগবাজারে কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের মৌলিক দাবি পূরণে সরকার গড়িমসি করছে। তবে গণরায় বাস্তবায়নের দাবি থেকে কোনোভাবেই সরে আসবে না জামায়াত।
এ সময় দলীয় ক্যাডারদের দিয়ে স্থানীয় সরকার দখল, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে অনিয়ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। নারী ও শিশুর নিরাপত্তাহীনতা, মাদক এবং গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।
শিল্পকারখানা রক্ষায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে বসে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে নির্ধারিত মজুরি বাস্তবায়ন এবং দেশের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।
এ ছাড়া জাপান সফরে কী চুক্তি হয়েছে, তা জনসমক্ষে তুলে ধরারও দাবি জানান তিনি। আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে ইতিহাস নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াত আমির।