দুবাই মাতাতে আসছে শাকিব-পূর্ণিমা-শ্রবান্তীসহ একঝাক তারকা। আগামী ২৬ অক্টোবর দুবাইয়ের গোল্ড সুকে অন্যতম সেরা প্রতিষ্ঠান এন আর আই জুয়েলারি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ঢালিউড ও টালিউটের একঝাঁক তারকা। এই আয়োজনে ভারত,পাকিস্তান, শ্রীলংকা ও আরব আমিরাতের হালের জনপ্রিয় অসংখ্য তারকা থাকছে।
কোনো প্রতিষ্ঠানের পক্ষে এত বেশি তারকা নিয়ে এত বড় আয়োজন দুবাইয়ের মাটিতে আর কখনো হয়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। বিখ্যাত স্বর্ণ বাজারজাতকারী প্রতিষ্ঠান মালাবার গোল্ড, জয় অলোকাস, দামাস জুয়েলারি, কালিয়ান জুয়েলারির মতো এশিয়া বিখ্যাত কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এন আর আই জুয়েলারি তাদের অবস্থানটা গ্রাহকদের কাছে জানান দিতে এই আয়োজন বলে জানা যায়।
অনুষ্ঠানে ৫টি দেশের শীর্ষ তারকারা উপস্থিত থাকবে। সেইসঙ্গে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার আশরাফুল। এরইমধ্যে শাকিব খানের উপস্থিতি নিয়ে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকরা জানায়, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ডসুকে এশিয়া অঞ্চলের অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন।