কুয়ালালামপুরে রিয়েল হিরোস অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছেন শাকিবসহ একঝাঁক শিল্পী

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আগামীকাল রোববার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার মালয়েশিয়া পৌঁছানোর কথা রয়েছে ঢালিউড কিং শাকিব খানের।

গত মঙ্গলবার কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্টের পরিচালক ইফতারুল ইসলাম আনি।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। শাকিব খান ছাড়া বাকি শিল্পীরা আগেই পৌঁছে গেছে কুয়ালালামপুর।

গতকাল শুক্রবার রাতে কুয়ালালামপুরের পিঠাঘর রেস্টুরেন্টে দীঘি, প্রিয়াঙ্কা , মিম চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা আবারো সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান

কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে তারকারাসহ আয়োজকরা। ছবি: লেখক

এ সময় অভিনেত্রী  দীঘি বলেন, 'প্রবাসীরা আমাদের দেশের সত্যিকারের রিয়েল হিরো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশে আমরা ভালো আছি। আমরা তাদের সম্মানিত করতে এবং বিনোদন দিতে কুয়ালালামপুরে এসেছি।'

আয়োজকেরা জানায়, কুয়ালালামপুরের টুইনটাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে রোববার বিকাল ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারন দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও অনুষ্ঠানস্থলে থাকবে নিবন্ধনের সুযোগ।

উল্লেখ্য, এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে।