দোহায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে ১১তম কাতারা আরবি উপন্যাস পুরস্কারের বিজয়ীদের নাম। গত ১৬ অক্টোবর রাতে কাতারা অপেরা হাউসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, কূটনীতিক, সাহিত্যিক ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিরা।
আরবি সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, এই মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারটি চালু হওয়ার পর থেকে ১৭ হাজারের বেশি উপন্যাস পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছে। যা আরবি ভাষার অন্যতম বৃহৎ সাহিত্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের আসরে প্রকাশিত ও অপ্রকাশিত দুই বিভাগে পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগীরা এসেছেন কাতার, ইয়েমেন, ফিলিস্তিন, মিসর, ইরাক, জর্ডান, মরক্কো, সিরিয়া, আলজেরিয়া ও তিউনিসিয়া থেকে।
প্রকাশিত উপন্যাস বিভাগে, হামিদ আল রুকাইমি (ইয়েমেন), রোলা ঘানেম (ফিলিস্তিন) এবং মোহাম্মদ জুবাইতি (ফিলিস্তিন) পুরস্কৃত হয়েছেন। অপ্রকাশিত উপন্যাস বিভাগে, বিজয়ীদের মধ্যে ছিলেন আহমেদ সাবের হুসেন (মিশর), সাদ মোহাম্মদ (ইরাক) এবং মরিয়ম কুশ (ফিলিস্তিন)।
এবারের আসরে সৌদি আরবকে সম্মানিত অতিথি দেশ (Guest of Honour) হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে সৌদি লেখক ও গবেষকরা আরবি সাহিত্য, আধুনিকতা এবং ডিজিটাল প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করেন।
এ বছর কাতারা পুরস্কারে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো– তরুণ লেখকদের জন্য ‘কাতারা যুব সাহিত্য প্রতিযোগিতা’- যা নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে। পাশাপাশি চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাহিত্য রূপান্তর (AI-based literary adaptations) প্রকল্প, যেখানে পুরস্কারপ্রাপ্ত উপন্যাসগুলোকে ডিজিটাল ও মাল্টিমিডিয়া আকারে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক বিভাগ, যা বিশ্বের যেকোনো ভাষার লেখকদের জন্য উন্মুক্ত।
আয়োজকদের মতে, এটি আরবি সাহিত্যকে বৈশ্বিক পাঠকের কাছে পৌঁছে দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাতারা পুরস্কার শুধু সাহিত্যিক অর্জনের স্বীকৃতি নয়, বরং এটি আরবি সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের প্রচারে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
কাতারা কালচারাল ভিলেজ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, আগামী বছর ১২তম কাতারা আরবি উপন্যাস পুরস্কার আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হবে।
সূত্র:দোহা নিউজ