ডেনমার্কে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যায় এক বর্ণাঢ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেনমার্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. ওমর ফারুক, মশিউর রহমান সোহেল, রাকিবুল ইসলাম, দিউজ্জামান শেখ মামুন, সারোয়ার খান, জিয়া হাসান, আরিফ তালুকদার, বেলায়েত হোসেন বাবুল, কামরুল ইসলাম, শামসুল চৌধুরী, মেহেদী হাসান তালহা।

রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং অকুতোভয় বাঙালি জাতির বীরত্বগাথার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, ‘১৯৭১ সালে যেমন বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায়নি, তেমনি বর্তমান ও ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রগতিকে ঠেকানো অসম্ভব।’

কোপেনহেগেনে বাংলাদেশের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

এ. কে. এম. শহীদুল করিম বিজয়ের ৫৪ বছর পূর্তিতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এরপর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাকিবুল ইসলাম আজহারী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ওমর ফারুক। কবিতা আবৃত্তি করেন জাহেদ জয় এবং শিশুশিল্পী নাবিহা নূর, নাবিবা নূর শেখ, রামিসা, নৌমি ও আলবিনা। পরে রাষ্ট্রদূত তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর তন্ময় মজুমদার।